২০তম এশিয়ান গেমসে অংশগ্রহণের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সেনাসদরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সেনাপ্রধান। এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি তিনি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেও অংশ নেবেন।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের প্রতিরক্ষা ও ক্রীড়া সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এ ছাড়া বাংলাদেশের ক্রীড়া কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০তম এশিয়ান গেমস জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন দেশের হাজারো ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। বাংলাদেশের পক্ষ থেকেও বিভিন্ন ইভেন্টে ক্রীড়াবিদরা অংশগ্রহণ করছেন।