মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ 
ফরিদপুরের মধুখালীতে ভেজাল কালোজিরা বিক্রির 
অভিযোগ উঠেছে। কালোজিরা বিক্রির সময় সন্দেহ হওয়ায় পরীক্ষা করে ভেজাল থাকার দাবি করেন এক ব্যবসায়ী। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার পর প্রায় চার মণ কালোজিরা রেখে পালিয়ে যান ওই বিক্রেতা।

জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার মধুখালী হাটে কালোজিরা বিক্রি করতে আসেন কয়েকজন কথিত কৃষক। পরে মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লটাই বিশ্বাসের ভুসিমালের দোকানে কালোজিরাগুলো বিক্রির জন্য নিয়ে গেলে তার সন্দেহ হয়। তিনি কালোজিরা পরীক্ষা-নিরীক্ষা করে এতে ভেজাল মিশ্রিত থাকার দাবি করেন।

এ সময় লটাই বিশ্বাস কৌশলে বিক্রেতাকে দোকানে বসতে বলেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। এর মধ্যেই ওই ব্যক্তি প্রায় চার মণ কালোজিরা রেখে সেখান থেকে পালিয়ে যান।

পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মধুখালী বাজারের চার রাস্তার মোড়ে মন্দিরের সামনে সাধারণ মানুষের উপস্থিতিতে ব্যবসায়ীরা ওই কালোজিরা নষ্ট করে দেন। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আকু বিশ্বাস, বাজার ব্যবসায়ী মনিরুল বিশ্বাস, ইমামুল বিশ্বাস ইমাম, ইমরান হোসেন, তৌফিক বিশ্বাসসহ স্থানীয় ব্যবসায়ীরা।

কালোজিরা নষ্ট করার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী ও মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. কামরুজ্জামান।

কৃষি কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে কালোজিরার মধ্যে ভেজাল থাকার বিষয়টি দৃশ্যমান মনে হলেও নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মসলা গবেষণা কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।