নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: 
বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃষকের ২৫ শতক জমির সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের শহরকুড়ি মাঠে। ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন শহরকুড়ি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। 

ভুক্তভোগী কৃষক আনোয়ার হোসেনের হাস্যমতে, তিনি ৩০ হাজার টাকা দিয়ে দেড় বিঘা জমি এক বছর মেয়াদি পত্তনি নেন। সেই জমিতে ডিজি ১৭১৭ জাতের মরিচ চাষের জন্য জমি প্রস্তুত, চারা ক্রয়, রোপণ, সার, কীটনাশক, সেচ ও পরিচর্যাসহ এ পর্যন্ত তার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। মরিচগাছগুলো বেশ ভালো হয়েছিলো। 

আর কিছুদিন পরই ক্ষেত থেকে মরিচ তোলা শুরু করার কথা ছিলো। এর আগেই দেড় বিঘার মধ্যে ২৫ শতক জমির মরিচগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। ভালো ফলন হলে দেড় বিঘা জমি থেকে শেষ পর্যন্ত আনুমানিক ১০ লাখ টাকার মরিচ বিক্রি করার আশা ছিলো তার। সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মধ্যরাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার জমিতে ঢুকে ২৫ শতক জমির সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলে দেয়। পরের দিন শুক্রবার সকালে জমিতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান কৃষক আনোয়ার হোসেন। তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। এতে তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনার পর ভুক্তভোগী কৃষক আনোয়ার হোসেন নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপর নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, মরিচগাছ কেটে ফেলার ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।