নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করতে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌরসভা কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন তিনি।
এ সময় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে চিকিৎসাসেবা অন্যতম। অসুস্থ ও সংকটাপন্ন রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। অনেক সময় প্রয়োজনের মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। নন্দীগ্রাম পৌরসভার জন্য অ্যাম্বুলেন্সটি উপহার দেওয়ার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সেই ভোগান্তি কমানো এবং জরুরি সময়ে তাঁদের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, আমি চাই, এই অ্যাম্বুলেন্সটি দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নন্দীগ্রামের সর্বস্তরের মানুষের সেবায় নিয়োজিত থাকুক। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা যেনো প্রয়োজনের সময় সহজেই অ্যাম্বুলেন্স সেবা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
এ সময় তিনি নন্দীগ্রাম পৌরসভা কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্সটির যথাযথ রক্ষণাবেক্ষণ এবং স্বচ্ছ ও জনবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে সেবাটি পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।