নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: স্বাবলম্বী পরিবার গঠন ও পরিবারের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে বগুড়ার নন্দীগ্রামে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মূল প্রতিপাদ্য ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’। কার্যক্রমটির অন্যতম স্লোগান হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। পরিবারভিত্তিক আর্থসামাজিক অবস্থা মূল্যায়ন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম ও ইউআরসির ইন্সট্রাক্টর শামসুল আলম প্রমুখ। 

এ সময় তথ্য সংগ্রহ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের গুরুত্ব, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রমের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য সঠিক, নির্ভরযোগ্য ও নিরপেক্ষ তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীলতা এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়। ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে পরিবারকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য প্রয়োজনীয় তথ্যভান্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

এ কার্যক্রমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগৃহীত তথ্যের যথার্থতা ভবিষ্যতে কার্যক্রমের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এ সময় গণমাধ্যমকর্মীদের কার্যক্রমের উদ্দেশ্য ও তথ্য সংগ্রহসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবং উদ্যোগটির তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়। দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে নন্দীগ্রাম উপজেলাতেও সংশ্লিষ্ট কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারীদের সমন্বয়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে জানানো হয়। এ উদ্যোগের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।