মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর):
ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দেশের অর্থনীতিকে লুণ্ঠন করে জনগণের ওপর লক্ষ কোটি ডলারের ঋণের বোঝা চাপিয়ে দিয়ে স্বৈরাচার সরকার বিদেশে পালিয়ে গেছে বলে উপরোক্ত মন্তব্য করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভায় বিএনপির ওয়ার্ড পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি লুণ্ঠন করে নিজেরাও পালিয়েছে, টাকাও নিয়ে গেছে এবং লক্ষ কোটি ডলারের ঋণ আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়ে গেছে। দেশীয় অর্থনীতিকে তারা ফোকলা করে দিয়ে পালিয়েছে।’
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হলে তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের হতাশাগ্রস্ত মানুষকে আশার আলো দেখিয়েছিলেন।
ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরে ডা. জাহিদ হোসেন বলেন, তৎকালীন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মেজর জেনারেল জিয়াউর রহমানকে নিজ বাসভবনে গৃহবন্দী করে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেছিলেন। তবে ৭ নভেম্বর দেশের সিপাহী ও জনতা এক হয়ে রাজপথে নেমে বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে।
তিনি আরও বলেন, পরবর্তী সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনা করে জিয়াউর রহমান দেশকে পুনর্গঠিত করেছিলেন।
কর্মী সম্মেলনে বিরামপুর পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।