পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর চিফ অব মিশন ড. লরা নিকোল টম-বন্ডে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৫ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে তিনি দক্ষতাভিত্তিক অভিবাসন, নৈতিক নিয়োগ ব্যবস্থা, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, নতুন শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং দেশে প্রত্যাবর্তনকারী অভিবাসীদের টেকসই পুনর্বাসনকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনা আরও কার্যকর ও আধুনিক করতে আইওএমের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।
জবাবে ড. লরা নিকোল টম-বন্ডে অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে আইওএমের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আইওএমের মধ্যকার বিদ্যমান অংশীদারিত্বকে আরও গভীর, ফলপ্রসূ ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন।