বাংলাদেশ সরকার পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ২ জন পুলিশ সুপার (এসপি)।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
এতে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা প্রচলিত চাকরিবিধি অনুযায়ী অবসরকালীন সব আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস ও জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সরকারিভাবে প্রজ্ঞাপনে এর বাইরে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।