চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য তিনটি বিশেষায়িত কান্ট্রি ডেস্ক চালু করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারত্ব জোরদার, তাদের সমস্যা ও প্রত্যাশা বোঝা এবং বিনিয়োগ পরিবেশকে আরো প্রতিযোগিতামূলক ও ব্যবসাবান্ধব করার ক্ষেত্রে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

গতকাল ঢাকায় আয়োজিত ‘মিট দ্য ইনভেস্টরস’ অনুষ্ঠানে ডেস্কগুলোর উদ্বোধন অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান এসব কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেপজা জানিয়েছে, সংস্থাটির অধীন আটটি রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) ও দুটি অর্থনৈতিক অঞ্চলে ৩৮টি দেশের বিনিয়োগ রয়েছে। এসব দেশের মধ্যে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান শীর্ষ তিন বিনিয়োগকারী দেশ। নতুন ডেস্কগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগকারীদের বিনিয়োগসংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। পাশাপাশি তাদের চাহিদা অনুযায়ী সরাসরি সহায়তা প্রদান, যোগাযোগ সুসংগঠিত করা এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেয়া হবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও বেপজা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।’

বেপজার তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৩৬টি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি। একই অর্থবছরে বেপজার অধীন জোনগুলো থেকে ৮ দশমিক ৪১ বিলিয়ন ডলারের পণ্য রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ২২ শতাংশ বেশি।

বেপজার নির্বাহী চেয়ারম্যান আরো জানান, চলতি বছর বেপজা অর্থনৈতিক অঞ্চল-১, বেপজা অর্থনৈতিক অঞ্চল-২, যশোর ইপিজেড ও পটুয়াখালী ইপিজেডকে পূর্ণাঙ্গ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এটিকে গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি বিনিয়োগকারীদের তাদের সাপ্লাই চেইন অংশীদারদের সঙ্গে নিয়ে এসব নতুন জোনে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান।

পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নের বিষয়ে তিনি বলেন, ‘বেপজা “থ্রি আর” নীতির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও সার্কুলার ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস বাস্তবায়নে কাজ করছে। একই সঙ্গে উন্নত বিদ্যুৎ সরবরাহ, ইনভেস্টরস ক্লাব, ফায়ার স্টেশন, উন্নত চিকিৎসাসেবা এবং সহজীকৃত ওয়ান স্টপ সার্ভিসের (ওএসএস) মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা উন্নত করা হচ্ছে।’