নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ এই প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রাম বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণে দুধ ও ডিম খাওয়ানোর মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, সহকারী কমিশনার (ভূমি) আশফাকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান এবং খামারি মানিক মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।