নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজার রহমান শাহীন (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম হাফিজার রহমান শাহীন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মৃত সৈয়দ আলী ওরফে আব্দুস সাত্তারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৩ নভেম্বর) মাগরিবের নামাজের আগে হঠাৎ স্ট্রোক করলে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার অবনতি ও গুরুতর আশঙ্কার কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
হাফিজার রহমান শাহীন নন্দীগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ১ নম্বর বুড়ইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মাধ্যমে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেন তিনি।
তাঁর মৃত্যুতে নন্দীগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন।
এক শোকবার্তায় তিনি মরহুম হাফিজার রহমান শাহীনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।