নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলাউদ্দিন সরকার। বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশনায় তিনি উপজেলার একটি পৌর এলাকা ও পাঁচটি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং দুর্গাপূজামণ্ডপগুলোতে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজপাড়া সার্বজনীন দুর্গাপূজামণ্ডপসহ বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন এবং পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্তসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতারা দুর্গাপূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।