দেলোয়ার হোসেন, রামগতি (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গাজী ও বড় খেরি ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদীতে সম্প্রতি জেগে উঠেছে একটি নতুন চর। স্থানীয়রা এর নাম দিয়েছেন ‘নয়া দ্বীপ’। চরটি জেগে ওঠার পর সেখানে ভূমিহীন মানুষ আবাদ শুরু করে বিভিন্ন ধরনের ফসল চাষ করছেন।
তবে স্থানীয় ভূমিহীনদের অভিযোগ, সম্প্রতি কিছু দুষ্কৃতিকারী তাদের চাষ করা জমি থেকে তাড়িয়ে দিয়ে ফসলি জমি দখলের চেষ্টা করছে। পরে এসব জমি মহিষের চারণভূমি হিসেবে ব্যবহারের জন্য মহিষ মালিকদের কাছে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের।
ভুক্তভোগী ভূমিহীনরা জানান, দীর্ঘদিন ধরে তারা জীবিকার আশায় নতুন জেগে ওঠা চর আবাদ করে ফসল ফলানোর চেষ্টা করছেন। কিন্তু প্রভাবশালী একটি চক্র তাদের উচ্ছেদের চেষ্টা করায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভূমিহীনরা। তারা বলেন, নতুন জেগে ওঠা এ চর ভূমিহীন কৃষকদের চাষাবাদের জন্য সংরক্ষণ করা হলে অনেক পরিবার জীবিকা নির্বাহের সুযোগ পাবে।
স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত ঘটনাটি তদন্ত করে ভূমিহীন কৃষকদের স্বার্থ রক্ষা এবং নতুন চর দখলের অপচেষ্টা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।