দেলোয়ার হোসেন, রামগতি (লক্ষ্মীপুর):

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকার বাসিন্দা নোমানের মরদেহ ঢাকার কুর্মিটোলা হাসপাতালে শনাক্ত করা হয়েছে। এর আগে তিনি ঢাকার আশকোনা এলাকা থেকে নিখোঁজ হন।

পারিবারিক সূত্রে জানা যায়, নোমান ঢাকার আশকোনা এলাকায় অবস্থানকালে নিখোঁজ হন। দীর্ঘ সময় ধরে তার খোঁজাখুঁজির পর অবশেষে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তার মরদেহের সন্ধান মেলে। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নোমান আলেকজান্ডার এলাকার আব্দুর রহমান মুন্সি বাড়ির মরহুম আবুল কাশেম (কাশেম মোক্তার)-এর কনিষ্ঠ পুত্র এবং মাহবুর রহমান লিটন (লিটন কমিশনার)-এর ছোট ভাই।

নোমানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত 
চলছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত 
কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।