নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে তোরাব আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তোরাব
আলী চাকলমা গ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার মেরামত করার জন্য তোরাব আলী নিজ বাড়ির টিনের চালে ওঠেন। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্টে টিনের চাল থেকে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ তোরাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।