নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নন্দীগ্রাম থেকে বিদায় নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ছিলো তার নন্দীগ্রামে শেষ কর্মদিবস।
নন্দীগ্রামে দায়িত্ব পালনকালে তিনি ভূমিসেবা প্রদান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে রোহান সরকার রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হয়েছিলেন।
পদোন্নতি পেয়ে তার পরবর্তী কর্মস্থল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে। সেখানে তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নন্দীগ্রামে দায়িত্ব পালনকালে তার কর্মদক্ষতা, আন্তরিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি নন্দীগ্রামবাসীর কাছে প্রশংসিত হয়েছেন।
বিদায়কালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, নন্দীগ্রামে দায়িত্ব পালনকালে সবার আন্তরিক সহযোগিতা পেয়েছি। এজন্য আমি ধন্য এবং সবার প্রতি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া-আশীর্বাদ করবেন।
তার নতুন কর্মস্থলের জন্য শুভ কামনা জানিয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।