পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে তিন বন্ধুর জীবন গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে নিহত হয়েছেন তিন কিশোর। তারা সকলেই স্থানীয় জাফলং আমির মিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) ও লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলে করে জাফলংয়ের চা-বাগান এলাকায় বেড়াতে যায়। রাধানগর বাজারের দিকে ফেরার পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিব আহমদকে মৃত ঘোষণা করেন।
আহত রায়হান ও জয়কে প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টায় সিলেটের নূরজাহান হাসপাতালে মারা যান রায়হান আহমেদ। এর মাত্র এক ঘণ্টা পর রাত ৯টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়।
একই শ্রেণির তিন সহপাঠীর এই আকস্মিক মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোক। হাসপাতাল ও নিহতদের বাড়িতে স্বজনদের কান্নায় ভেসে যাচ্ছে পুরো এলাকা। সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে অভিহিত করেছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, সাকিব, রায়হান ও জয়— তিনজনই ছিলেন প্রাণবন্ত, মেধাবী ও সবার প্রিয়। পরীক্ষা দিয়ে আনন্দে বেড়াতে গিয়ে তাদের এমন করুণ পরিণতি কেউই মেনে নিতে পারছেন না। স্কুল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালনা রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি সড়ক নিরাপত্তা বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণেরও কথা বলেছেন।