মুকসুদপুর(গোপালগঞ্জ)প্রতিনিধি: বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং ভবিষ্যতেও দলীয় রাজনীতিতে যুক্ত হবেন না বলে ঘোষণা দিয়েছেন সাংবাদিক ফকির মিরাজ আলী শেখ। সোমবার (১২ অক্টোবর ২০২৬) বেলা ১১টার সময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বৈদ্যবাড়ি মোড়ে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) দেশের দক্ষিণাঞ্চলীয় প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি জানান, বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের নেতা, কর্মী, সমর্থক কিংবা পদ-পদবিধারী নন। ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া বা প্রত্যক্ষ দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ইচ্ছা তাঁর নেই। এটি তাঁর সচেতন, স্বেচ্ছাপ্রণোদিত ও নীতিগত সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। ফকির মিরাজ আলী শেখ বলেন, সাংবাদিকতার স্বাধীনতা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত মর্যাদা রক্ষা তাঁর অন্যতম অঙ্গীকার। পেশাগত দায়িত্ব পালনে দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবমুক্ত থেকে সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থকে প্রাধান্য দিতে চান তিনি। নিজের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার পরিচয় হিসেবে প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান তিনি। পাশাপাশি বক্তব্যের ভুল ব্যাখ্যা বা বিকৃত উপস্থাপন করা হলে যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবাদ জানানোর অধিকার সংরক্ষণের কথাও উল্লেখ করেন। উল্লেখ্য, ফকির মিরাজ আলী শেখ বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) দেশের দক্ষিণাঞ্চলীয় প্রধান কার্যালয় শাখার সভাপতি। পাশাপাশি তিনি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং দৈনিক গণমুক্তি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।