মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, উপসহকারী পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মধুখালী শাখার সভাপতি মো. আক্তার হোসেন মুন্সী, কমিটির সদস্য ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু এবং মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল দুর্নীতি প্রতিরোধ কমিটির নাম ও দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত স্কুলব্যাগ, জ্যামিতি বক্স, খাতা, স্কেল, ছাতা, পানির বোতল ও টিফিন বক্স। এর আগে দুদক ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আক্তার হোসেন মুন্সীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সততা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়।