প্রকাশ :: ... | ... | ...

প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মুকসুদপুরের হিন্দু যুবকের বাড়িতে অবস্থান


সংযুক্ত ছবি

শহিদুল ইসলাম, মুকসুদপুর(গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমের সম্পর্কের জেরে এক হিন্দু তরুণের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন কুড়িগ্রামের এক মুসলিম তরুণী। ভিন্ন ধর্মের দুই তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের দাবিতে তরুণীর অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার সকালে উপজেলার মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, মহারাজপুর গ্রামের গোপাল কর্মকারের ছেলে দ্বীপ কর্মকারের সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার এরশাদুল হকের মেয়ে রেশমি খাতুনের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের টানে রেশমি মঙ্গলবার বিকেলে দ্বীপ কর্মকারের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকালে এলাকাবাসী দুজনকে মুকসুদপুর থানায় নিয়ে যায়। রেশমি খাতুন বলেন, “দ্বীপের সঙ্গে আমার প্রায় এক বছরের সম্পর্ক। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। তাই আমি তাকে বিয়ে করার দাবিতে তার বাড়িতে এসেছি। দ্বীপ কর্মকার বলেন, “আমরা একে অপরকে ভালোবাসি। আমি ওকে আসতে বলেছি। আমি ওকে বিয়ে করব। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবারের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।