প্রকাশ :: ... | ... | ...

নন্দীগ্রামে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার এবং ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা নন্দীগ্রাম উপজেলা কার্যালয়ের আয়োজনে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামে মাটিহাঁস হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান, সদস্য হাসান মাহমুদ, সংরক্ষিত মহিলা আসনের সদস্য সরিফা আকতার পলি, সাংবাদিক জাকারিয়া লিটন, আব্দুর রউফ উজ্জল, জাতীয় মহিলা সংস্থা নন্দীগ্রাম উপজেলা কার্যালয়ের উপজেলা সংগঠক কোহিনুর বেগম ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাবিনা খাতুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ বলেন, যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু পাচার এবং ইভটিজিং প্রতিরোধে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সমাজ থেকে এসব সামাজিক ব্যাধি দূর করতে সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও মসজিদের ইমামদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে অন্যায়, অনাচার ও অবিচার দূর করা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা।