নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ রুবেল উপজেলার ১টি পৌর এলাকা ও ৫টি ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এর পাশাপাশি তিনি ব্যক্তিগত তহবিল থেকে দুর্গাপূজামণ্ডপের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান ও গেঞ্জি বিতরণ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি নন্দীগ্রাম হিন্দুপাড়া রাধাগোবিন্দ মন্দিরের দুর্গাপূজামণ্ডপ ও নন্দীগ্রাম হিন্দুপাড়া বারোয়ারী দুর্গাপূজামণ্ডপসহ অন্যান্য দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গাপূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলার বিভিন্ন দুর্গাপূজামন্ডপ পরিদর্শনকালে তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।