নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের আর্থিক সহায়তা নিশ্চিত করতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এ কার্যক্রমে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করার পাশাপাশি তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমানে নন্দীগ্রাম পৌরসভাসহ উপজেলার পাঁচটি ইউনিয়নে পুরোদমে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ চলছে। এ কার্যক্রমে ৮ জন সুপারভাইজার ও ৭৪ জন তথ্য সংগ্রহকারীসহ মোট ৮২ জন দায়িত্ব পালন করছেন। তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যসংখ্যা, আর্থিক অবস্থা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করছেন। অন্যদিকে সুপারভাইজাররা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করছেন। সংগৃহীত তথ্যের যথার্থতা যাচাই এবং সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সঠিকভাবে নথিভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো প্রকৃত নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে চিহ্নিত করে সরকারি সহায়তার আওতায় নিয়ে আসা। এ ক্ষেত্রে উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড কার্যক্রমকে ঘিরে স্থানীয় নিম্নআয়ের মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের আশা, এ কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো নিয়মিত সহায়তা পাবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে যেসব পরিবার সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তাদের জন্য এ উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।