সংগৃহীত
প্রথমবার ঢাকাই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন 'পাখি' খ্যাত টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। ঢালিউডে তার প্রথম সিনেমা হতে যাচ্ছে 'গুলশানের চামেলি'। এই সিনেমার মাধ্যমে নতুন পরিচয়ে হাজির হবেন এই জনপ্রিয় তারকা। শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সিনেমাটির মহরত ও সংবাদ সম্মেলনে অংশ নেন মধুমিতা। সেখানে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি ভারতীয় এই অভিনেত্রী। বাংলাদেশ সফরের অভিজ্ঞতা ও অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভাসালেন ভক্ত-অনুরাগীদের। আবেগাপ্লুত মধুমিতা বলেন, "আমি একটাই কথা বলব- এতটা ভালোবাসা পেয়ে আমি সত্যিই অনেক আপ্লুত। এত পজিটিভিটি আর শুভশক্তি নিয়ে যখন জার্নিটা শুরু করছি, এরচেয়ে ভালো আর কী হতে পারে! সবার এত এত আশীর্বাদ পাচ্ছি, সিনেমাটা ভালো হতে বাধ্য।" 'বোঝে না সে বোঝে না' টিভি সিরিয়ালের 'পাখি' চরিত্রের মাধ্যমে পরিচিত মধুমিতা। সিরিয়ালটির প্রচারের সময় থেকেই (দীর্ঘ ১০-১২ বছর) বাংলাদেশি দর্শকদের অপরিসীম ভালোবাসা পেয়েছেন তিনি। তবে এবার তিনি নতুন এক সত্তা নিয়ে হাজির হওয়ার আশাবাদ ব্যক্ত করে মধুমিতা সরকার বলেন, "আপনারা ১০-১২ বছর ধরে আমাকে 'পাখি' হিসেবে চিনেন। এবার আমি চাই, আপনারা আমাকে 'চামেলি' হিসেবে চিনুন ও ভালোবাসুন। সত্যি নিজেকে প্রচণ্ড ভাগ্যবতী মনে হচ্ছে, সবার ভাগ্য এমন হয় না।" সহশিল্পীদের প্রশংসা করে মধুমিতা সরকার আরও বলেন, "অনেক বছর ধরে বাংলাদেশে আসার কথা ছিল। এবার এই সিনেমার মাধ্যমে এলাম এবং এত দারুণ সব কাস্ট অ্যান্ড ক্রু পেয়েছি যে মনে হচ্ছে- যা হয়, মঙ্গলের জন্যই হয়। যে ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে এই যাত্রা শুরু করলাম, তা যেন শেষ পর্যন্ত বজায় থাকে। আপনারা যে বিশ্বাস ও সম্মান নিয়ে আমাকে এনেছেন, আমি যেন কাজের মাধ্যমে তার সঠিক মর্যাদা রাখতে পারি।" 'গুলশানের চামেলি' সিনেমাতে আরও অভিনয় করবেন ওমর সানী, আমিন খান, রোজিনা, মিশা সাওদাগর, আজমেরী হক বাঁধন প্রমুখ। এটি পরিচালনা করবেন মো. ইকবাল।