প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ | ছবি: পিএমও
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। অ্যামচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল সাক্ষাতে অংশ নেয়। তারা প্রধানমন্ত্রীকে জানান, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে এবং নতুন কমিটি বাংলাদেশে আরো মার্কিন বিনিয়োগ আকর্ষণ ও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশ বিদেশী বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। সরকার সব ধরনের প্রণোদনা ও সহায়তা দিয়ে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বদ্ধপরিকর। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।