প্রকাশ :: ... | ... | ...

প্রধানমন্ত্রীর সাথে টেক্সটাইল নেতাদের বৈঠক, সমস্যা সমাধানে কমিটি গঠন


সংযুক্ত ছবি

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা ও খাতটির নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিটিএমএ নেতারা অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদান তুলে ধরে টেকসই উন্নয়নে সরকারি সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতাসক্ষমতা বাড়াতে নীতিগত সহায়তার দাবি জানান তা। প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে বস্ত্রশিল্পের ভূমিকার প্রশংসা করে খাতটির উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস দেন। পরে বস্ত্রশিল্পের জটিল সমস্যা দ্রুত পর্যালোচনা ও সমাধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া ও মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলামও সাক্ষাতে অংশ নেন।