সংগৃহীত
ঢাকা: প্রাথমিক শিক্ষার ভিত্তি প্রস্তুতিতে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা কর্তৃপক্ষ। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আর কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোন ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।" এই সিদ্ধান্তকে শিশুদের মানসিক চাপমুক্ত রাখতে এবং অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতার অস্বাস্থ্যকর প্রবণতা কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে, প্রথম শ্রেণি ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া পূর্বের ন্যায় ভর্তি পরীক্ষার মাধ্যমেই পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। অপরদিকে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। ওইদিন সকালে ফলাফল প্রকাশের পরবর্তী কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রথম শ্রেণিতে লটারি পদ্ধতি চালু হলে প্রাথমিক স্তরে প্রবেশের ক্ষেত্রে আর্থ-সামাজিক বৈষম্য কিছুটা কমে আসবে এবং শিক্ষার শুরুটুকু হবে শিশুবান্ধব। তবে, এই লটারি প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ হবে, সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।