নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: ‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বেলা ১১টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, ঢাকইর দুগ্ধ উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি তুষার কান্তি, সমবায়ী নুরুল ইসলাম তোতা, রজব আলী ও রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমবায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।