প্রকাশ :: ... | ... | ...

‘নজরুল বর্ষ’ উদযাপনে দাপ্তরিক পত্রে লোগো ব্যবহার বাধ্যতামূলক


সংযুক্ত ছবি

কাজী নজরুল ইসলাম

ঢাকা: আগামী ২৫ মে ২০২৭ পর্যন্ত দেশের সব সরকারি দপ্তরের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। সোমবার (৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। তারই অংশ হিসেবে সরকারি দাপ্তরিক সব যোগাযোগে এ লোগো ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি সব দপ্তরকে নির্ধারিত সময় পর্যন্ত সব ধরনের দাপ্তরিক পত্র, বিজ্ঞপ্তি, চিঠিপত্র ও অন্যান্য দাপ্তরিক যোগাযোগে ‘নজরুল বর্ষ’-এর লোগো যথাযথভাবে ব্যবহার করতে হবে। লোগো ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নকশা, আকার ও মান অনুসরণ করতে হবে। নির্ধারিত লোগোটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে। সরকারি কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগ জাতীয় কবির চেতনা ও আদর্শকে সরকারি কাজের সঙ্গে সম্পৃক্ত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নজরুলের সাহিত্যকর্মকে আরও পরিচিত করে তুলবে। প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৫-২৬ সালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে সরকার। এরই ধারাবাহিকতায় সারা দেশে নানা আয়োজন চলছে। এবারের নতুন নির্দেশনা সরকারি দপ্তরগুলোতে নজরুলচর্চাকে আরও গভীর করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।