সংগৃহীত
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। আজ সোমবার (৬ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। হুমায়ুন কবীর বলেন, 'এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। সৌদি আরবের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে চাই।' প্রধানমন্ত্রী কবে নাগাদ সৌদি আরব সফর করতে পারেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সফরের বিষয়টি নির্ধারণ নিয়ে কাজ করতে হবে। তাই এই মুহূর্তে সময় বলা যাচ্ছে না। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বর্তমানে অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান ও শক্তিখাতে সহযোগিতা বিদ্যমান। সম্প্রতি সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করায় দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আরও জানান, প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হলে তা আগেভাগে জানিয়ে দেওয়া হবে।