প্রকাশ :: ... | ... | ...

আন্দোলনে পরীক্ষার্থী, বৈঠকে কর্মকর্তারা, বিকেলেই সিদ্ধান্ত


সংযুক্ত ছবি

সংগৃহীত

ঢাকা, ১৪ জুলাই : বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ বিভিন্ন জেলায় আন্দোলন করছেন পরীক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথমে অনলাইন ও পরে সশরীরে বৈঠকে বসেছেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, সব শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে অনলাইন বৈঠক শেষ হয়েছে। এখন সশরীরে বৈঠক চলছে। তিনি বলেন, মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী পরীক্ষা স্থগিতের মতো পরিস্থিতি পাওয়া যায়নি, তবে অফলাইন বৈঠকে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিকেল ৪টার মধ্যে পরীক্ষা বিষয়ক সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। এদিকে শিক্ষা মন্ত্রণালয় সকাল সাড়ে ১২টায় চট্টগ্রাম বোর্ড বাদে অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে—এমন বিজ্ঞপ্তি প্রকাশ করলেও কিছুক্ষণ পর তা প্রত্যাহার করে নেয়। পরে সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া হবে জানিয়ে আগেরটি প্রচার না করতে অনুরোধ জানানো হয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বন্যা পরিস্থিতি ও শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আন্দোলনকারীরা সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ শেষে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে বেলা ১১টায় সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে তারা সড়ক অবরোধ করেন।